সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গোয়ালন্দ ঘাট থানার একটি মামলায় তাকে নতুন করে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় শুনানির জন্য তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৮ জানুয়ারি ২০২৭ ধার্য করেন।

পরে গোয়ালন্দ ঘাট আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইনের আদালতে ২০২৪ সালের ১০ ডিসেম্বরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে আছেন এবং একের পর এক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।