শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি হওয়া নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন এবার জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজেও যোগদানে বাধার মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও স্লোগানের মুখে তিনি প্রাঙ্গণে প্রবেশ করতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

জানা যায়, শেরপুর নার্সিং কলেজে দায়িত্ব পালনকালে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের হুমকির অভিযোগে মাকসুদা ইয়াসমিনের পদত্যাগের দাবিতে দীর্ঘ এক মাস আন্দোলন চালান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গত ১২ অক্টোবর তাকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এ খবর ছড়িয়ে পড়তেই জামালপুরের শিক্ষার্থীরাও তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল ও আইনি শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন যোগদানের জন্য এলে শিক্ষার্থীরা ভুয়া, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট স্লোগান দিয়ে প্রধান ফটকে তাকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, শেরপুরে আন্দোলনের মুখে পদত্যাগ করা কোনো বিতর্কিত ও দুর্নীতিবাজ ব্যক্তিকে তারা অধ্যক্ষ হিসেবে মেনে নেবেন না। প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর দুপুর ২টার দিকে তিনি ফিরে যান।

এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন, তবে তার বদলি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত অধিদপ্তর বা সংশ্লিষ্ট বোর্ড গ্রহণ করবে।