চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেটসংলগ্ন স্থানে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ঘন জঙ্গলে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড় ১২টার দিকে টহল দেওয়ার সময় আনসার সদস্যরা দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করেন। তারা চুরির সরঞ্জাম ও বিভিন্ন ধরনের তার ফেলে পাশের ঘন জঙ্গলে পালিয়ে যান। পরে খবর পেয়ে বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেনের দিকনির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স, আনসার সদস্য এবং বিমানবন্দরের নিরাপত্তা শাখার সমন্বয়ে একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যৌথ দল অন্ধকারে প্রায় দুই ঘণ্টা ধরে জঙ্গলে তল্লাশি চালিয়ে চুরির চেষ্টাকারী আজিজুর রহমানকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে চুরির বিভিন্ন তার ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালসহ তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।