চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ ৭০ লাখ ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ৭০ কোটি টাকা) বিনিয়োগে জুতা, ব্যাগ ও লাগেজশিল্পের উপকরণ তৈরির কারখানা স্থাপন করছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি নিউ মেটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড।

এ নতুন বিনিয়োগের ফলে ২০০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় ফুটওয়্যার শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে। উৎপাদিত পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে ভারত ও কম্বোডিয়াতেও রপ্তানি করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ সংক্রান্ত জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কেপিএসটির পরিচালক ঝাং ইউগুও চুক্তিতে সই করেন।

৭ হাজার ২০০ বর্গমিটার জমিতে নির্মিত এ কারখানায় বছরে ১ কোটি ১০ লাখ জোড়া ফুটওয়্যার এক্সেসরিজ, ফোম, কাটিং বোর্ড ও মোল্ডসহ বিভিন্ন উপকরণ তৈরি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।