স্কুলে দেরিতে আসার কারণ জানতে চাওয়ায় ঝিনাইদহের শৈলকুপার নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেনকে পিটিয়েছেন ফরিদুল ইসলাম নামে এক পরিচ্ছন্নতাকর্মী।

বৃহস্পতিবার সকালে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ঘটনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে পাঠদান বন্ধ হয়ে যায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার দিন সকালে শ্রেণিকক্ষ অপরিষ্কার থাকায় প্রধান শিক্ষক পরিচ্ছন্নতাকর্মী ফরিদুলকে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি। পরে বেলা ১১টার দিকে ফরিদুল বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতেই তিনি চড়াও হন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষকের বক্তব্য অনুযায়ী, কথা-কাটাকাটির একপর্যায়ে ফরিদুল প্রধান শিক্ষককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। তবে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী ফরিদুলের দাবি, প্রধান শিক্ষক আগে তাকে বকাঝকা ও চড় মারায় তিনিও পাল্টা আক্রমণ করেছেন।

ঘটনার খবর পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান খান অভিযুক্ত ফরিদুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।