শুধু পাঠ্যবই পড়ানো আর শিক্ষার্থীদের পড়া আদায় করার মধ্যেই শিক্ষকের দায়িত্ব সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, পদমর্যাদা দিয়ে শিক্ষার্থীদের শ্রদ্ধা আদায় করা যায় না; বরং নিজের জ্ঞান, যোগ্যতা ও আচরণের মাধ্যমেই সেই শ্রদ্ধা অর্জন করতে হয়।
শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশ্যে জাহিদুল ইসলাম মিঞা বলেন, "বই তো এখন ইন্টারনেটেও পড়া যায়। আপনি যদি শুধু বই পড়ান আর পড়া নেন, তাহলে প্রকৃত শিক্ষক হিসেবে সার্থক হলেন কি না, তা বলা যায় না। শিক্ষার্থীরা যখন একজন শিক্ষকের জ্ঞান, মেধা ও আচরণকে সম্মান করবে এবং তাকে অনুসরণ করবে, তখনই তার শিক্ষকতা সার্থক হবে।"
শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়ভীতির পরিবেশ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ের মাধ্যমে কখনো প্রকৃত শিক্ষা দেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে না নিতে পারলে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা যাবে না। ডিগ্রির পাশাপাশি দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও দেশের ইতিহাসের প্রতি সচেতন হওয়ার ওপর জোর দিয়ে তিনি জানান, বড় সনদ থাকলেও মূল্যবোধ না থাকলে সেই শিক্ষার সুফল সমাজ পাবে না।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষকের সরে যাওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষকদের নিজেদের মেধা ও ব্যক্তিত্ব দিয়ে শিক্ষার্থীদের আস্থা ও সম্মান ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখতে শিক্ষকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করার পরামর্শ দেন তিনি।
নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপ্রক্রিয়া নিয়ে তিনি জানান, শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে এবং পদায়নে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
অবকাঠামোগত সীমাবদ্ধতাকে বাধা না মনে করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন।