অবৈধ অভিবাসন বন্ধ করা গেলে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের কাজের পথ আরও সুগম হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে দক্ষ শ্রমিকদের সরকারি-সরকারি (জি-টু-জি) প্রক্রিয়ায় বিদেশে পাঠানোর ওপর জোর দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গ্রিসের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিবছর চার হাজার করে বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে গত দুই বছরে কাঙ্ক্ষিত সংখ্যায় লোক পাঠাতে না পারার বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, অবৈধ অভিবাসন বন্ধে সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেছে। মানব পাচার ও অবৈধভাবে ইউরোপে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ জেলা পর্যায় থেকেই শুরু হয়েছে।
শামা ওবায়েদ বলেন, "অবৈধ অভিবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কঠিন। এ সমস্যা মোকাবিলায় সরকার বদ্ধপরিকর।"
তিনি আরও জানান, মানব পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অভিবাসন কমানো সম্ভব হলে বৈধ পথে ইউরোপের বিভিন্ন খাতে বিপুলসংখ্যক দক্ষ বাংলাদেশি শ্রমিক পাঠানোর সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।