একটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করলেই 'সবার জন্য বাংলাদেশ' গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও উপস্থিত তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত—সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।"

স্বেচ্ছাসেবী তরুণদের প্রশংসায় তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে তরুণরা পড়াশোনা ও কর্মজীবনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-আন্দোলন কিংবা অলিম্পিকের মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম—সবক্ষেত্রেই প্রবীণদের দিকনির্দেশনার পাশাপাশি মূল শক্ত হিসেবে কাজ করেছে তরুণ সমাজ।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার তাদের অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ‘স্টার্টআপ ফান্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে এবং প্রয়োজনে এর পরিমাণ আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকার চেক, স্মারক ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি তরুণদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ৪৩২টি যুব সংগঠনকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। এছাড়া দেশের ৬৪টি জেলা থেকে তরুণ স্বেচ্ছাসেবকেরা অনলাইনে যুক্ত ছিলেন।