সমগ্র মুসলিম উম্মাহর চলমান নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) আরও শক্তিশালী, আধুনিক ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর কার্যকর চাপ বজায় রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা সম্পূর্ণ নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্থায়ীভাবে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে। তিনি স্পষ্ট করেন যে, এ সংকটের টেকসই সমাধানে মুসলিম উম্মাহকে সম্মিলিত ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সংঘাত প্রশমনে ধারাবাহিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন। তিনি ফিলিস্তিনে নিরপরাধ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতা অবিলম্বে বন্ধের দাবি জানান। একইসঙ্গে ১৯৬৭ সালের সীমান্ত চুক্তির ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া (ইসলামভীতি) বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, এ বৈষম্য ও কুসংস্কার মোকাবিলায় সব অংশীজনকে সম্পৃক্ত করে একটি সমন্বিত ও সুদূরপ্রসারী কৌশল গ্রহণ করা জরুরি।