জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম ওমর আলী এবং তার স্ত্রী হোসনে আরার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. বলু মিয়া বাদী হয়ে এ সংক্রান্ত এজাহার দায়ের করেন।

এজাহার সূত্র অনুযায়ী, সাবেক পিআইও’র স্ত্রী হোসনে আরা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৪৭৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ প্রদর্শন করেন। তবে দুদকের যাচাই-বাছাই ও আয়কর নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৯-২০২০ করবর্ষ পর্যন্ত তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৫২৩ টাকা। এর বিপরীতে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৫২ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা। ফলে সব মিলিয়ে হিসাব শেষে তার ১ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ মেলে।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, আসামি এস এম ওমর আলী পিআইও হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উপায়ে উপার্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নামে সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহায়তা করেছেন। ফলে অপরাধে সহায়তার অভিযোগে তাকেও এই মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া, পৃথক অনুসন্ধানে ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ মেলায় শ্রীপুর উপজেলার সাবেক এই পিআইও এস এম ওমর আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং ২৭(১) ধারায় আরও একটি একক মামলা দায়ের করেছে দুদক।