গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে জোর তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ দখল উচ্ছেদ এবং পরিত্যক্ত সম্পত্তির পূর্ণাঙ্গ ডেটাবেজ ও রেজিস্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অব্যবহৃত ও অবৈধ দখলে থাকা জমি দ্রুত উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনার তাগিদ দেওয়া হয়। পরবর্তী সমন্বয় সভায় সব অব্যবহৃত জমির তথ্য নির্দিষ্ট ছকে দাখিল করার পাশাপাশি পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কথা জানানো হয়।

প্রকল্পের গতিশীলতা ও গুণগত মান নিশ্চিত করতে সব দপ্তর ও সংস্থার প্রধানদের নিয়মিত মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শন করতে বলা হয়েছে। পরিদর্শন শেষে প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি ও অবস্থা নিয়ে নিয়মিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া শূন্য পদ পূরণে দ্রুততম সময়ে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া শেষ করা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন প্রক্রিয়া শতভাগ অনলাইনে এনে আবেদন জমা হওয়ার ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অডিট আপত্তি নিষ্পত্তিতে আগামী তিন মাসে অন্তত ৯টি ত্রিপক্ষীয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি দাপ্তরিক কাজে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে এবং অফিসগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান গৃহীত প্রতিটি সিদ্ধান্ত দ্রুত ও কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।