প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ এবং আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান চমৎকার সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।
আলোচনায় প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো প্রাধান্য পায়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উভয় দেশের ভূমিকা এবং ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ ও সহযোগিতার সুযোগ নিয়ে বিশদ মতবিনিময় হয়।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে প্রতিরক্ষা শিল্পের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তাদের অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই উচ্চপর্যায়ের সংলাপ দুই দেশের সামরিক সম্পর্ক এবং সার্বিক দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।