জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মূল দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে তিনি কবে পদত্যাগ করবেন, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "আজ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। নিজের মূল দায়িত্ব ছেড়ে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।"
সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি ঘটনার প্রতি ইঙ্গিত করে এনসিপির এই নেতা বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এছাড়া কিছুদিন আগে 'মিস্টি' পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে, যা কোনোভাবেই গণতন্ত্র বা আইনের শাসনের উদাহরণ হতে পারে না।
সংবিধান সংশোধন কমিটি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, সরকার সংবিধান সংশোধন কমিটির নামে প্রহসন ও নাটক চালিয়ে যাচ্ছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত এ কমিটিকে দেশের মানুষ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে দিয়ে নিজেদের মেনে নেওয়া সংস্কারগুলোর বিরুদ্ধেও বক্তব্য দেওয়াচ্ছ সরকার, যা জনগণের সঙ্গে সরাসরি প্রহসন।
কালী মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।