সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সম্প্রতি ‘সিএমএসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৈয়দপুর এসএমই/কৃষি শাখা এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের এসএমই এসপিডি-এর জয়েন্ট ডিরেক্টর মিস সামিয়া শারমিন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার, উত্তরা ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. জহির উদ্দিন (বাবর)।
বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন দ্য সিটি ব্যাংক জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর চৌধুরী। পুরো অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন এমটিবি সৈয়দপুর এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং এমটিবি সুনামগঞ্জ উপ-শাখার ইনচার্জ সুজিত কুমার দে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং দেশের সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের অপরিসীম ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।