চট্টগ্রাম নগরীতে অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত সোমবার নগরের খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে নকশাবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবনের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে দুটি ভবন সিলগালা করা হয় এবং আরও দুটি ভবনকে সতর্ক করা হয়েছে। অভিযানে মোট ছয়টি ভবনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সিডিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত অংশগুলো আংশিকভাবে অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে ভবিষ্যতে বিধিবিধান মানার বিষয়ে হলফনামা নেওয়া হয়। সতর্ক করা ভবনগুলোর তালিকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘বাস্কেট’-ও রয়েছে।

নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতের তাগিদ দিয়ে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, নকশা লঙ্ঘন করে অবকাঠামো নির্মাণ নগরের সার্বিক পরিকল্পনা ও জননিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

তিনি সকল ভবনমালিককে সিডিএর অনুমোদিত নকশা ও প্রযোজ্য আইন মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। একই সাথে নগরের পরিকল্পিত রূপ বজায় রাখতে নির্মাণসংক্রান্ত যেকোনো অনিয়ম ও নকশা ব্যত্যয়ের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।