নেত্রকোণার কেন্দুয়ায় দেশীয় মাছের প্রজনন, বংশবিস্তার রক্ষা এবং আমিষের ঘাটতি পূরণে মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নিষিদ্ধ ৮২টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা।

 মঙ্গলবার  (০৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলিপাড়া ও চিরাং ইউনিয়নের কালিয়ান বিলে পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা এবং পুলিশ সদস্যরা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, দেশীয় মাছের সুরক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।