প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈচিত্র্যপূর্ণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, দেশের চলমান শ্রম পরিস্থিতির কারণে মন্ত্রী সরাসরি উপস্থিত হতে না পারলেও প্রবাসীদের অবদান ও অর্থনীতির অগ্রযাত্রায় তাদের ভূমিকা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের গর্ব এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি বিদেশের মাটিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে তারা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করে তিনি আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রবাসীদের সুবিধা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রবাসীরা যেন সহজে ও দ্রুত সরকারি সব সেবা পেতে পারেন, সে লক্ষ্যে খুব শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর একটি বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার।

 সম্মাননাপ্রাপ্ত সিআইপি ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী শুধু আবাসন খাতে সীমাবদ্ধ না থেকে শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক হারে বিনিয়োগের পরামর্শ দেন। এতে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়ে বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ও নতুন কর্মসংস্থানের তথ্য দিয়ে সরকারকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।