চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার সময় খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাইম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামের আত-তাকওয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইম ওই এলাকার আকতার হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইম। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদিকে, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।