চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার সুলতান শিকদারের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাইগারপাস এলাকার একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মেহেদী হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তিনি কীভাবে ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।