আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের সংবেদনশীল ও অভ্যন্তরীণ প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) এসপি জাহাংগীর আলমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর দুটি মুঠোফোন জব্দ করা হয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাহাংগীর আলমের মুঠোফোনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। একটি গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাঁকে ডেকে নিয়ে ফোন দুটি জব্দ করা হয়। বর্তমানে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় রয়েছে। সেখানে কোনো ধরনের সংবেদনশীল বার্তা বা তথ্য পাঠানোর প্রমাণ মিললে সে অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, মুঠোফোন জব্দ থাকায় এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।