মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও হামলার জেরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটের ১৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া ১১২টি সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যার সংখ্যা ৫৫টি। এ ছাড়া সরাসরি ফ্লাইটের মধ্যে রিয়াদ এয়ারওয়েজের ২৫টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামগামী ৭৭টি ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকে যাত্রী পরিবহন করতে পারেনি। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
সম্প্রতি হুথি বিদ্রোহীদের হামলার পর নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফ্লাইট স্থগিতের এই সময়সীমা আরও বাড়ানো হয়।