চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে অংশ নিয়ে নানা সংকট ও কষ্টের কথা জানিয়েছেন সাধারণ মানুষ। সন্তানের দুরারোগ্য ব্যাধি, চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা, পা হারানোর পর জীবিকার সংকট কিংবা পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম—এমন নানা অসহায়ত্বের কথা শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসনের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী সরাসরি এবং একজন প্রবাসী অনলাইনে যুক্ত হয়ে অংশ নেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন শারীরিকভাবে অসুস্থ ও অসহায় আটজন এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই: পাঁচলাইশ এলাকার নার্গিস আক্তারের তিন বছর পাঁচ মাসের শিশুসন্তান আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। স্বামী খোঁজ না নেওয়ায় চরম অভাব ও ভিক্ষা করে দিন কাটানো নার্গিস শেষ পর্যন্ত সন্তানের চিকিৎসার আকুতি নিয়ে ডিসির শরণাপন্ন হন। এ ছাড়া চাঁদগাঁও এলাকার মোছাম্মৎ তাহমিনা বেগমের শিশুসন্তান মোহাম্মদ ওসমান গণি আকাশ মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত। দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ জোগাতে না পেরে তিনিও গণশুনানিতে সহায়তা চান। উভয় মায়ের দুর্দশা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।

চোখের আলো হারানোর শঙ্কায় নুরুল কবির: পটিয়ার চরকানাই এলাকার মুহাম্মদ নুরুল কবির ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন এবং বর্তমানে এক চোখে কিছুই দেখতে পান না। কম্পিউটারে কাজ না করার চিকিৎসকের পরামর্শ থাকলেও সংসারের খরচ, দুই ছেলের পড়ালেখা ও ব্যাংকঋণের কিস্তি মেটাতে গিয়ে দিশাহারা তিনি। গণশুনানিতে তার দুর্ভোগের কথা শুনে তাকেও সহায়তা দেন ডিসি।

পা হারিয়ে বন্ধ জীবিকার পথ: সড়ক দুর্ঘটনায় এক পা হারানো ফজল করিম কাজ হারিয়ে চরম দুর্দশায় পড়েন। মেয়ের বিয়ের ব্যবস্থাও করতে পারছেন না তিনি। অন্যদিকে, বাকলিয়ার পক্ষাঘাতগ্রস্ত মুনমুন অর্থের অভাবে নিয়মিত ওষুধ কিনতে পারছেন না। তাদের দুজনকেই আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাবার অসুস্থতায় অনিশ্চিত চন্দ্রিমার পড়ালেখা: রাঙ্গুনিয়ার চন্দ্রিমা সিংহ অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর অসুস্থ বাবার চিকিৎসার ব্যয় ও পরিবারের আর্থিক সংকটের কারণে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তার আবেদন বিবেচনায় নিয়ে শিক্ষাসহায়তা দেন জেলা প্রশাসক।

এ ছাড়াও ইংরেজির শিক্ষক শেখ মুনতাসির তারেক বিন হাফিজ তার হেপাটাইটিস সি ও ডায়াবেটিসের ব্যয়বহুল চিকিৎসার ওষুধ কেনার সহায়তার জন্য এবং খাতুনগঞ্জের শাহানা বেগম দীর্ঘদিনের জটিল রোগের চিকিৎসার খরচ মেটাতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তাদের দুনাজনের আবেদনেও সাড়া দিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়।

চিকিৎসা ও শিক্ষাসহায়তার পাশাপাশি গণশুনানিতে জমি সংক্রান্ত বিরোধ ও সম্পত্তি জবরদখলের অভিযোগও ওঠে। অনলাইনে যুক্ত এক প্রবাসীর অভিযোগসহ অন্যান্য বিষয়গুলো শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি অসহায় মানুষের কষ্ট শোনা এবং তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে প্রশাসনের মানবিক দিকটি জোরালোভাবে ফুটে উঠেছে।