সন্দেহভাজন চীনা ‘গুপ্তচর’ ও ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিতর্ক কাটতে না কাটতেই এবার নিজ প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর খবর ফাঁস হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের।
গতকাল বুধবার (১১ নভেম্বর) মার্কিন দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা (হেলথকেয়ার) বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। প্রাতিষ্ঠানিক পদক্রম অনুযায়ী কিম্বার্লি সরাসরি জেনসেনের অধীনে কর্মরত।
এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলেও জেনসেন ও কিম্বার্লির সম্পর্ক নিয়ে বেশ আলোচনা রয়েছে। প্রতিষ্ঠানের দুজন সাবেক কর্মী নিউইয়র্ক টাইমসকে জানান, গত মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ থাকার কথাও জানিয়েছেন ওই দুই কর্মী, যদিও তারা নিজেরা ভিডিওটি দেখেননি বলে দাবি করেছেন।
২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া কিম্বার্লি পাওয়েল বর্তমানে স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে—বিশেষ করে মেডিকেল ইমেজিং ডিভাইসে প্রতিষ্ঠানের চিপ প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত উদ্যোগগুলোর তদারকি করছেন।
এই নতুন তথ্য সামনে আসায় এনভিডিয়ার কর্মপরিবেশ ও অভ্যন্তরীণ নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানির আচরণবিধিতে ব্যক্তিগত সম্পর্কের মতো বিষয়সহ যেকোনো ধরনের স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়িয়ে চলার স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এর আগে, গত মাসে অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে নামে এক চীনা ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গুপ্তচর, যার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা এবং চীনের জন্য এসব চিপ সহজলভ্য করতে এনভিডিয়াকে প্রভাবিত করা। অবশ্য বেইজিং এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
চীনা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন হুয়াং তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকার কথা স্বীকার করলেও ওই নারীর পরিচয় প্রকাশ করেননি। পরবর্তীতে পর্ষদ বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি আইনি প্রতিষ্ঠানকে (ল’ ফার্ম) দায়িত্ব দেয়। পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের বিষয়ে জেনসেন হুয়াংয়ের কাছে রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।