রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগে গত ১ নভেম্বর এ মামলার ফরমাল চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নির্ধারণ করা হয়।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামি হলেন—সাবেক আইজিপি একেএম শহীদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

অন্যদিকে, শেখ হাসিনাসহ ৩০ জন আসামি এ মামলায় পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশ ও প্রশাসনের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তা।

মামলার নথিপত্র ও প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২ এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। তারা নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় গত ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক দেখিয়ে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আনা দুটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করা হয়েছে।