যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টাকালে ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত পণ্য চালানের আমদানিকারক প্রতিষ্ঠান 'অনিন্দিতা ইন্টারন্যাশনাল' এবং পণ্য খালাস ও পরিবহনের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট 'ব্রাইট ইন্টারন্যাশনাল'। প্রাথমিক তদন্তে জানা গেছে, যথাযথ শুল্ক পরিশোধ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করেই গোপনে পণ্যগুলো বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছিল 'ট্যালকম পাউডার' হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই বাংলাদেশি ট্রাকে পণ্য খালাসের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা দ্রুত অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, কাগজপত্র যাচাইয়ের সময় ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান বা বিপজ্জনক কেমিক্যাল আমদানি করে বড় ধরনের শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক করা পণ্য চালানটি বর্তমানে কঠোর নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত অসাধু চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ধরনের অনিয়ম রোধে বন্দরে নজরদারি ও কঠোর অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।