নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে উল্লেখযোগ্য কোনো সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এদিকে সংস্কারের জন্য ১৮ কোটি ৪৬ লাখ টাকার অধিক বরাদ্দ এবং পাঁচ মাস আগে কার্যাদেশ দেওয়া হলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয়দের ভাষ্যমতে, সড়কটি শুধু স্থানীয় মানুষের চলাচলের পথই নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলের পর্যটন এলাকায় যাতায়াতের জন্য ছুটির দিন ও বিভিন্ন উৎসবে এই সড়ক দিয়ে ১০ থেকে ১৫ হাজার পর্যটক যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পর্যটকদের আনন্দময় ভ্রমণ এখন চরম ভোগান্তিতে পরিণত হয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে বিলসা-কুন্দইল অংশের কিছু জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করতে হয়। পানি নেমে যাওয়ার পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্ট বড় বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তার কারণে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় আমজাদ শেখ স্মৃতিগেট থেকে বিলসা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এবং বিলসা থেকে কুন্দইল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে পাশের ডোবায় ধসে পড়েছে এবং ঢালাই ভেঙে ভেতরের রড বেরিয়ে এসেছে। এসব ঝুঁকিপূর্ণ পথেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি ও ভ্যানের মতো বিভিন্ন যানবাহন।
এলজিইডি সূত্রে জানা গেছে, ১৬ ফুট প্রশস্ত এই সড়কটি ১৮ ফুটে উন্নীতকরণসহ ১০ কিলোমিটার সংস্কারের জন্য ১৮ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৯০৮ টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উদ্যোগে অগ্রাধিকার প্রকল্পের আওতায় এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কাজটি পেয়েছিল বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান 'কোহিনূর এন্টারপ্রাইজ', পরবর্তীতে যা কিনে নেন স্থানীয় ঠিকাদার আসাদুজ্জামান হীরা। চলতি বছরের গত ২ জুন কাজ বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেওয়া হয় এবং আগামী বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত রয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য: উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া জানান, গত ২ জুন কার্যাদেশ দেওয়া হলেও বিভিন্ন কারণে এখন পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরুর তাগিদ দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে।
অন্যদিকে ঠিকাদার আসাদুজ্জামান হীরা জানান, বর্ষা মৌসুমের কারণে সংস্কারকাজ শুরু করা যায়নি। তবে অল্প কিছুদিনের মধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
দীর্ঘদিনের অবহেলা আর আশ্বাসের বেড়াজালে আটকে থাকা সাড়ে ১৮ কোটি টাকার এই প্রকল্পটি যেন শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়ন হয়—এমনটাই জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও পর্যটকরা।