ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় অধিদপ্তরের ৫২টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১০৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধ, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্য বিক্রি বন্ধে এই তদারকি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে প্রতিবন্ধকতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন নিশ্চিত করতে সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার শহীদনগর ও কুতুবপুর এলাকায় ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’ নামক শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বৈধ অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের চিপস তৈরি, ভুয়া মান সনদ ও হালাল লোগোর ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি বেকারিতে খাদ্য তৈরিতে অবৈধ রং ব্যবহার, ঘি ও বাটারের মিথ্যা লেবেল লাগিয়ে প্রতারণা এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জেলা কার্যালয়।
অভিযানকালে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, ক্যাব এবং বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন। অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট না তৈরি করা, ক্রয়ের সময় পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা যাচাই করা এবং ভাউচার সংরক্ষণের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। ভোক্তারা যেকোনো অনিয়মের সম্মুখীন হলে হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন এবং বাজারে শৃঙ্খলা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।