আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুর ঐতিহ্য ধরে রাখতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক জমকালো রাত্রিকালীন হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাটি দেখতে শীতের রাতে মাঠে বিভিন্ন বয়সী শত শত দর্শকের উপচেপড়া ভিড় জমে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলার আয়োজনে পাইকেরছড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেন। দুই ওয়ার্ডের খেলোয়াড়দের দম ও শক্তির এই লড়াই ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, হাডুডু শুধু একটি খেলা নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও শেকড়ের ঐতিহ্য। গ্রামীণ খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সদস্যসচিব ও প্রশাসক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী খেলাগুলো পরিচিত করা এবং সেগুলো টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তির প্রভাবে তরুণ প্রজন্ম মাঠের খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ায় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে পাড়া-মহল্লায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।