যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লন্ডনের সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটি ও ১১ দলীয় ঐক্যের নেতাদের ব্যাপক অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সেখানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি তীব্র নিন্দা জানান।
তিনি উল্লেখ করেন, আজকের ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত থেকে স্বচক্ষে এই সহিংসতা প্রত্যক্ষ করেছেন। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে, যা প্রবাসী বাংলাদেশিসহ গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা বা ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই হামলা প্রসঙ্গে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রম রোধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।