সিরাজগঞ্জে ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বেরিয়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় ঘন কুয়াশার মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ আদায় করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মাহাবুর রহমান।