গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’-তে ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ নামক একটি অভ্যন্তরীণ ভ্রমণ বিমা বা ডোমেস্টিক ট্রাভেল ইন্স্যুরেন্স সেবা চালু করেছে।

সম্প্রতি আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ. কে. এম. তারেক এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনসহ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) সানিয়াত রহমান এবং ইভিপি ও হেড অব মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল অ্যান্ড অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল আব্দুল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নতুন উদ্যোগের ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সী এমটিবি গ্রাহকরা এখন থেকে ‘এমটিবি নিও’ অ্যাপের মাধ্যমে ১ থেকে ৩০ দিন মেয়াদের জন্য অত্যন্ত সহজেই এই বিমা সুবিধা গ্রহণ করতে পারবেন, যার প্রিমিয়াম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। এই বিমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি এবং স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে প্রতিটি খাতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা বা বিমা সুবিধা পাওয়া যাবে।

গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও আধুনিক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে এমটিবি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্ভাবনী উদ্যোগ। দেশের ভেতরে দৈনন্দিন যাতায়াত ও ভ্রমণে ব্যক্তিগত দুর্ঘটনা সুরক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই অংশীদারিত্বের ফলে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা বেছে নেওয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত হয়ে উঠেছে।