ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের জেরে মঙ্গলবারও ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।
পুলিশ সুপার আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। তবে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকায় বড় ধরনের কোনো হট্টগোল বা সহিংসতার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।