চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদার (৫৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে এবং নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দিলে আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। পাশাপাশি কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছিল। এসব বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে শাহাদাত তার শ্যালক কামরুলকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ২০২২ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র পর্যালোচনা এবং আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক এ রায় দেন। মামলাটিতে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।