মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা চালিয়ে ডিজিটাল এক্স-রে মেশিন ভাঙচুর করার কারণে বন্ধ রয়েছে বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগ। এর ফলে সরকারি খরচে এক্স-রে করাতে না পেরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূরদূরান্তের রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হামলাকারী অভিযুক্ত মো. লিটনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালের এক্স-রে বিভাগে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রুনা নামের সড়ক দুর্ঘটনায় আহত এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে এক্স-রে করানোর পরামর্শ দেন। এরপর রোগীর স্বজনরা তাকে এক্স-রে বিভাগে নিয়ে যান। তবে রোগীর সঙ্গে ২০-২৫ জন লোক থাকায় এক্স-রে রুমে সবাইকে প্রবেশ করতে নিষেধ করেন কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) আবুল হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রোগী রুনার পক্ষের মো. লিটন ও তার সহযোগীরা এক্স-রে বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং দায়িত্বরত টেকনোলজিস্ট আবুল হোসেনকে মারধর করেন।

মারধরের শিকার মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন জানান, কক্ষের ভেতরে অতিরিক্ত লোক প্রবেশে বাধা দেওয়ায় এবং রোগীর অতিরিক্ত এক্স-রে করার কথা বলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘবদ্ধভাবে এসে তারা হামলা চালান। এ সময় তারা এক্স-রে বিভাগের ভেতরে থাকা মূল্যবান ডিজিটাল এক্স-রে মেশিন, কম্পিউটার, প্রিন্টার ও বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে মারাত্মক ক্ষতিসাধন করেন।

হামলা ও ভাঙচুরের পর থেকে হাসপাতালের এক্স-রে সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ বিষয়ে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে মাত্র একজন রেডিওগ্রাফার প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগীর এক্স-রে করেন। ১২ লাখ মানুষের সেবাদানের এই একমাত্র ভরসাস্থলে এমন হামলা ও ধ্বংসযজ্ঞ অত্যন্ত দুঃখজনক। ডিজিটাল এক্স-রে মেশিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি নিজে থেকে চালু করা সম্ভব নয়। ঢাকা থেকে সংশ্লিষ্ট প্রকৌশলী এসে পরিদর্শন করার পরই কেবল ক্ষতির পরিমাণ এবং এটি পুনরায় চালুর বিষয়ে নিশ্চিত বলা যাবে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।