আশরাফুল আলম যশোরের চৌগাছায় দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চৌগাছা উপজেলা শাখা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বাদ আসর চৌগাছা প্রেসক্লাবের সামনে লাইট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধ্বনি প্লাজায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে অবস্থান করে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে কোনো ধরনের সহিংসতা ও নাশকতার চেষ্টা কাম্য নয়।

তিনি আরও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতাকর্মীরা দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।