মাদকের নোংরা টাকায় পুলিশ কখনোই হাত দেবে না এবং মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি জানান, রাজশাহী রেঞ্জের ৭১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে এসে এ বিষয়ে শপথ ও ওয়াদা করানো হয়েছে এবং মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে পুলিশ কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না এবং পুলিশকে সমাজ থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে পাবনা অনেক ভালো অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে ডিআইজি বলেন, পুলিশের কোনো সদস্য যেন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার না করেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা থাকা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সবাই সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।

অপরাধ নিয়ন্ত্রণে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করা উচিত, যাতে বাসার পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধী শনাক্ত করা এবং মামলার তদন্ত কাজ অনেক সহজ হয়। পুলিশ ইতিমধ্যে যেসব মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে বলে তিনি জানান।

সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে ডিআইজি বলেন, সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। তিনি পুলিশের নেতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি ভালো কাজগুলোও গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।