চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না এবং নিচতলার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনো যানবাহন রাখা হয় না।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এর পেছনে নাশকতামূলক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।