ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তান থেকে আসা ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ‘ব্যাপক মারধর’ করে চলতি সপ্তাহের শুরুতে বসনিয়া-হারজেগোভিনায় জোরপূর্বক ফেরত বা পুশব্যাক করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে দাবি করেছে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ।

মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের নিয়মিতভাবেই বসনিয়াসহ সীমান্তবর্তী এলাকায় পুশব্যাক করছে ক্রোয়েশিয়ার পুলিশ।

অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা ‘এসওএস বলকান রুট’ জানিয়েছে, ক্রোয়েশিয়ার পুলিশ ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে জোরপূর্বক বসনিয়ায় ফেরত পাঠিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ঘটনায় পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর হাত-পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ জন সদস্য নড়াচড়া করা প্রত্যেককে নির্মমভাবে মারধর করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে নথিভুক্ত সীমান্ত সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম নৃশংস ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ৫৩ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের নাগরিক। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশুও রয়েছেন। বসনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ছয়টি পৃথক দল থেকে তাদের উদ্ধার করা হয়।

‘এসওএস বলকান রুট’-এর প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা এখন ‘পদ্ধতিগত’ রূপ নিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ, গণমাধ্যম, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রিয়ার রাজনীতিবিদরা আর এ ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না।

অন্যদিকে, এ ধরনের অভিযোগ অস্বীকার করে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই পুলিশ এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং বসনিয়ার কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকেও তারা কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাননি।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম বহিঃস্থ স্থলসীমান্তগুলোর একটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ক্রোয়েশিয়া। বলকান অঞ্চল দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, গত বছর বলকান রুটে ১২ হাজার ৫০০টির বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৪২ শতাংশ কম।