ভারতের উত্তরপ্রদেশের কানপুর কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এক অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছেন ১২ জন ব্যক্তি। বিদায়ী আত্মীয়দের ট্রেনে তুলে দিতে ও আসনে বসিয়ে দিতে শিশুসহ ওই ১২ জন দ্রুতগতির ও আধুনিক বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। কিন্তু ট্রেন ছাড়ার আগে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় তারা আর নামতে পারেননি এবং বাধ্য হয়ে ১৪০ কিলোমিটার দূরের স্টেশন পর্যন্ত চলে যান।

শুধু অপ্রত্যাশিত এই ভ্রমণই নয়, বিনা টিকিটে ট্রেনে ওঠা ও রেল আইন লঙ্ঘনের দায়ে তাদের মোট ৩৬ হাজার রুপি জরিমানাও গুনতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৮ নভেম্বর) জানিয়েছে, বারাণসী-দিল্লি বন্দেভারত এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। আত্মীয়দের বিদায় জানাতে উঠে ট্রেনটির স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে গেলে তারা বিপাকে পড়েন। আধুনিক এই ট্রেনের দরজা এমনভাবে নিয়ন্ত্রিত যে পূর্বনির্ধারিত স্টেশন ছাড়া মাঝপথে খোলে না। ফলে কানপুর কেন্দ্রীয় স্টেশনে তারা নামতে পারেননি।

যদিও দরজাগুলো জরুরি প্রয়োজনে ম্যানুয়ালি খোলার সুযোগ রয়েছে, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় নিরাপত্তার কারণে স্টাফরা দরজা খোলেননি। এ নিয়ে আটকে পড়া ওই ব্যক্তিদের সঙ্গে ট্রেনের স্টাফদের বাদানুবাদ ও প্রতিবাদের ঘটনা ঘটে।

পরিস্থিতি তুন্দলা রেলওয়ে কন্ট্রোল রুমকে জানানো হলে কন্ট্রোল রুমের নির্দেশনায় ট্রেনটি ইতাওয়া জংশনে থামানো হয়। সেখানে পুলিশসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন এবং বিনা টিকিটে ট্রেনে ওঠা ও নিয়মভঙ্গের অভিযোগে প্রত্যেককে ৩ হাজার রুপি করে মোট ৩৬ হাজার রুপি জরিমানা করেন।