বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারেও টানা ছয় দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ চার দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে। এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সব মিলিয়ে ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৮ হাজার ৪৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসেবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন দর কার্যকরের আগে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। সে হিসাবে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়, যাতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। এর আগে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। অর্থাৎ রুপার দাম ভরিতে ১১৬ টাকা কমেছে।