সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রপ্রিয় জনগণকে হত্যা ও গুম-খুন করেছে আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পাশের দেশে অবস্থান নিয়ে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান, সিনিয়র সহ-সভাপতি হাসেম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদসহ যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।