প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীর ১২ নম্বর সেক্টরের খালপাড় জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. চান মিয়া বেপারী, কাউন্সিলর প্রার্থী ও তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী, বিএনপির নেতা আব্দুস সালাম এবং পশ্চিম থানা বিএনপির নেতা আলমগীর শিশির।
বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।