ময়মনসিংহ বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে মাঠপর্যায়ে সরেজমিনে তদারকি ও পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ও বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ঘুরে- ঘুরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেএ পরিদর্শন কার্যক্রম করেন তিনি। 

তাঁদের এ মাঠপর্যায়ের পরিদর্শনের মূল লক্ষ্য ছিল এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম মূল্যায়ন করা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪) ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও বিভাগীয় কমিশনার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাধারণ নাগরিক এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাঁরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচলের অবস্থা, জনসাধারণের নিরাপত্তা, চলাচলের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও প্রত্যাশার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তাঁরা এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেন। বিশেষ করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য গ্রহণযোগ্য নয়। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।

তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোবল অটুট রাখা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও নির্দেশনা দেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ে, সে বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ, দ্রুত সেবা প্রদান এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব পর্যায়ের সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসাধারণের নিরাপত্তা, নির্বিঘ্ন যাতায়াত ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমানো এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়টি এ পরিদর্শনে বিশেষ গুরুত্ব পায়।

সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের সরাসরি পরিদর্শন ও মতবিনিময়ের ফলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রমে গতিশীলতা আসে এবং জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হয়।

জনসাধারণের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ, স্বাভাবিক জীবনযাত্রা এবং সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।