বাহরাইনে নতুন করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার রাতে এবং বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) রাত প্রায় ৩টার দিকে দেশটিতে এ হামলা চালানো হয়। বিপ্লবী গার্ডের দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।
তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি হামলায় দেশটির একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে গেছে। তবে সুনির্দিষ্টভাবে কোন স্থানে বা কোন স্থাপনায় হামলা হয়েছে, তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। ওই দ্বীপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকো পরিচালিত একটি তেল পরিশোধনাগারসহ একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবকাঠামো রয়েছে।
অন্যদিকে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানো এবং অন্যান্য কর্মকাণ্ডের জবাবে বিপ্লবী গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা এবং জুফাইর সামরিক ঘাঁটিতে এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে অঞ্চলটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইরান।
সূত্র: এএফপি, ফার্স নিউজ