সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে যশোর শহরের মনিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছেন। এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যেন কেউ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।