নেত্রকোণার কেন্দুয়ায় একটি ফিড মিলস থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সংযোগের তার, কেবলসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দুয়া থানার অফিসার ইন-চার্জ বরাবর দেওয়া অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চুরির অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দুয়া থানাধীন সিংহেরগাঁও গ্রামের 'হযরত শাহ সুলতান (রহ.) ফিড মিলস'এর মালিক ডা.মো. কামারুজ্জামান ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করেন। তাঁর পক্ষে ও মৌখিক অনুমতিক্রমে শফিকুল ইসলাম থানায় অভিযোগটি দায়ের করেন।

ফিড মিলস পাহারাদার জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে অভিযোগে উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মিলসে মূল গেট তালাবদ্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন ১৯ নভেম্বর ভোর আনুমানিক ৬ টার দিকে ঘুম থেকে উঠে গেট খুলে ভেতরে প্রবেশ করে সাবস্টেশনের বৈদ্যুতিক সংযোগের তার কাটা দেখতে পান। পরে দ্বিতীয় তলায় গিয়ে প্যানেল বোর্ডের সংযোগ তার কাটা ও বেড়ার টিন খোলা দেখতে পান।

অভিযোগে বলা হয়, অজ্ঞাত চোর /চোরেরা মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বেড়ার টিনের নাট খুলে বিভিন্ন বৈদ্যুতিক তার ও মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ৪২৫ আরএম ৪ কোরের ৩৮০ ফুট সংযোগ তার, ১০০ ফুট এল ওয়াই ওয়াই আর্থিং তার, কেবলসহ অন্যান্য মালামাল রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন- বাদী শফিকুল ইসলাম।

ফিড মিলের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান মুঠোফোনে জানান, ঘটনার সময় আমি দেশের বাইরে ; নরওয়েতে ছিলাম । এর আগেও ক্যামেরা, ট্রান্সফরমারসহ অনেক মালামাল চুরি হয়েছে আমার। পুলিশ প্রশাসনকে জানালেও কোন কিছুই এখন পর্যন্ত উদ্ধার হয়নি, এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার । 

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন- অভিযোগ পেয়ে এসআই নুরুল হককে দায়িত্ব দিয়েছি, তিনিই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন।