যশোরের হরিনার বিলে নির্মাণাধীন ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং এ সময় একটি হরিতকী গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী মেডিকেল কলেজের শিক্ষক, গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় হাসপাতাল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি, ভবন নির্মাণ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম। জানানো হয়, প্রায় ৬৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের আওতায় ১০ তলাবিশিষ্ট হাসপাতাল ভবন, নার্সিং ডরমেটরি ও নার্সিং কলেজসহ বিভিন্ন অবকাঠামোর কাজ চলছে।
নির্মাণকাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
হাসপাতালটিতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে হাসপাতালের বিদ্যুৎ চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা স্থাপনে যথাযথ পরিকল্পনা ও যত্ন নিতে হবে।
এ সময় তিনি উপস্থিত সবাইকে জানান যে, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী যশোর সফরে আসবেন। পাশাপাশি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমনকে নির্মাণকাজ যথাযথভাবে বুঝে নেওয়ার জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া হাসপাতালের ভবিষ্যৎ সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের স্বার্থে অতিরিক্ত জমি অধিগ্রহণের পক্ষেও মত দেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী মেডিকেল কলেজে পৌঁছালে অধ্যক্ষ ও শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া মেডিকেল কলেজের প্রফেসর ডা. মো. শরিফুল আলম খান, প্রফেসর ডা. এবিএম দেলোয়ার হোসেন, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, সহকারী অধ্যাপক ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ড্যাবের কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, জুলাইযোদ্ধা রাশেদ খান ও ঠিকাদার মো. মিজানুর রহমান মিজানসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের আশা, ৫০০ শয্যাবিশিষ্ট এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে যশোর অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।