আগামী ৭ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিম। তাঁর এই সফরকে কেন্দ্র করে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকেও ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই সেই সফরটি অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন ডিসেম্বরের এই ফিরতি সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।