ঢামেকে ইনজেকশন-সিরিঞ্জসহ সরকারি কর্মচারী আটক

ঢামেক প্রতিবেদক, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ইনজেকশন ও সিরিঞ্জসহ মকবুল খান (৫৫) নামে এক সরকারি কর্মচারীকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে আটক করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মকবুল বলেন, আমি প্রতিদিন অল্প অল্প কিছু ডিসটিল ওয়াটার ইনজেকশন ও সিরিঞ্জ জমিয়ে এগুলো বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। আমি চার তলায় আইসিইউতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করি। আমি ৮০০ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ নিয়ে বের হওয়ার সময় ২০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা আমাকে আটক করে। আমি বর্তমানে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টারের রুমে আটক অবস্থায় আছি।

হাসপাতালের আনসারের সহকারী প্লাটুন কমান্ডার নাসির উদ্দিন বলেন, আমি টহল ডিউটি করার সময় আমার একজন আনসার আমাকে ফোন দিয়ে জানায় এক ব্যক্তির কাছে বড় একটি ব্যাগ পাওয়া গেছে। পরে আমরা মকবুলকে ব্যাগসহ জরুরি বিভাগে নিয়ে আসি। তার ব্যাগ তল্লাশি করে ৮০০ পিস ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়। বর্তমানে আমাদের হেফাজতে ওয়ার্ড মাস্টারের রুমে আছেন আটককৃত তিনি।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) ইনচার্জ মো. সেলিম বলেন, আমি খবর পেয়ে এসে দেখি হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী মকবুল খানকে আমার আনসার সদস্যরা আটক করেছেন। তিনি একটি ব্যাগ নিয়ে ২০৬ নম্বর ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় ডিউটিরত আনসার সদস্য তাকে আটক করেন। আনার পরে তার কাছ থেকে ৮০০ পিস ইঞ্জেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়। আমি বিষয়টি হাসপাতালের পরিচালক স্যারকে জানিয়েছি। স্যারের নির্দেশনায় মুচলেকা নিয়ে ওয়ার্ড মাস্টারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় এবং শনিবারে তাকে অফিসে হাজির করার নির্দেশও দেন পরিচালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button