

সুমন, নিজেস্ব প্রতিবেদক: দেশের কৃষি খাতে বৈচিত্র্য ও উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি (২০২৫-২৬) অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় খিরা, কচুর লতি, কাঁঠাল, বিটরুট, কালোজিরা, বস্তায় আদা, রসুন, হলুদ এবং খেজুরের গুড় উৎপাদনকে প্রথমবারের মতো কৃষি ঋণের আওতায় আনা হয়েছে।
আজ (মঙ্গলবার) নতুন অর্থবছরের জন্য এ নীতিমালা ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এসময় উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগের পরিচালকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব ফসল চাষে ঋণ সুবিধা চালু হলে কৃষকের আয় বাড়বে, কৃষি খাতে কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশীয় চাহিদা পূরণের মাধ্যমে আমদানি নির্ভরতা কমবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হলে কৃষকদের সহায়তা বাড়াতে হবে। তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে হবে, কারণ অনেক কৃষকেরই ব্যাংক ঋণে প্রবেশাধিকার নেই।
তিনি বলেন, কৃষি ঋণ প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ আছে, বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। দালালদের মাধ্যমে ঋণ বিতরণ ঠেকাতে নজরদারি জোরদারেরও তাগিদ দেন তিনি।




